একজন দোভাষীর সাথে কীভাবে কাজ করবেন
এই পৃষ্ঠায়
একজন দোভাষীর সঙ্গে কাজ করলে আপনি আপনার থেকে ভিন্ন ভাষায় কথা বলা মানুষের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন। দোভাষীরা কথোপকথনের অংশগ্রহণকারী পক্ষ নন; তাঁরা একটি সেতুর মতো কাজ করেন।
NAATI-সার্টিফাইড একজন দোভাষী:
- তাঁরা যে ব্রিফিং পান তার ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে গবেষণা করে অ্যাসাইনমেন্টের জন্য যথাযথ প্রস্তুতি নেন
- সবকিছু নির্ভুল এবং নিরপেক্ষভাবে ভাষান্তরিত করবেন
- তথ্য যোগ, বাদ বা পরিবর্তন করবেন না এবং ব্যক্তিগত মতামত, পরামর্শ বা ব্যাখ্যা প্রদান করবেন না
- প্রয়োজনে নির্ভুলতা নিশ্চিত করার জন্য স্পষ্টীকরণ বা পুনরাবৃত্তির অনুরোধ করবেন
- মানুষ একে অপরের কথা কেটে কথা বললে বা একসঙ্গে কথা বললে সেই পরিস্থিতি সামলাবেন
- অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সব তথ্য গোপন রাখবেন, যার মধ্যে সেশনের সময় আলোচিত সব বিষয় অন্তর্ভুক্ত।
দোভাষীদের প্রতি সম্মানজনক আচরণ করুন এবং সংশ্লিষ্ট সবার জন্য পেশাদার, কার্যকর ও সম্মানজনক অভিজ্ঞতা নিশ্চিত করতে নিচের নির্দেশিকাগুলো অনুসরণ করুন।
সেশনের আগে
সঠিক দোভাষী পদ্ধতি এবং স্থান নির্বাচন করুন
দোভাষী বুক করার সময় কোন পদ্ধতি ব্যবহার করা হবে এবং দোভাষী কীভাবে অংশগ্রহণ করবেন তা নিশ্চিত করুন। পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সঠিকভাবে প্রস্তুত আছে কি না তা নিশ্চিত করুন। আপনি নিশ্চিত না হলে, আপনার ভাষা সেবা প্রদানকারী বা দোভাষী সেরা পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিতে পারবেন।
দোভাষী সেবার পদ্ধতি
ধারাবাহিক বা অবিচ্ছিন্ন দোভাষী সেবা: বক্তা কথা বলা থামানোর পর দোভাষী বলা কথাটি অন্য ভাষায় উপস্থাপন করেন। এই পদ্ধতি সাধারণত অ্যাপয়েন্টমেন্ট বা ছোট মিটিংয়ে ব্যবহৃত হয়। এক ভাষায় হওয়া সাধারণ কথোপকথনের তুলনায় এই সেশন প্রায় দ্বিগুণ সময় নিতে পারে, তাই আপনার সময়সূচিতে অতিরিক্ত সময় রাখুন।
একযোগে দোভাষী সেবা: এই পদ্ধতিতে দোভাষী তাৎক্ষণিকভাবে বক্তব্য অন্য ভাষায় উপস্থাপন করেন। সাধারণত হেডসেট, মাইক্রোফোন বা দোভাষী বুথের মতো বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়। বড় বৈঠক, সম্মেলন বা দলীয় আলোচনায় যোগাযোগের প্রবাহ বজায় রাখতে এই পদ্ধতি বেশি কার্যকর। কাজটি মানসিকভাবে চাহিদাসম্পন্ন হওয়ায়, নির্ভুলতা বজায় রাখা এবং ক্লান্তি এড়ানোর জন্য অন্তত দুইজন দোভাষী রাখার পরামর্শ দেওয়া হয়, যাতে তাঁরা পালাক্রমে কাজ করতে পারেন।
দোভাষী সেবা প্রদানের ধরন
সরাসরি উপস্থিত দোভাষী সেবা (অনসাইট বা ইন-পার্সন): জটিল পরিস্থিতির জন্য সরাসরি দোভাষী সেবা সবচেয়ে উপযোগী, কারণ এতে শরীরী ভাষার মতো অ-মৌখিক সংকেত বোঝা যায়। এর অর্থ হলো দোভাষী আপনার সঙ্গে একই কক্ষে উপস্থিত থাকবেন। তবে গ্রামীণ বা আঞ্চলিক এলাকায় এবং কিছু ভাষার ক্ষেত্রে এই সেবার প্রাপ্যতা সীমিত হতে পারে।
ভিডিও: সরাসরি উপস্থিত দোভাষী সেবার পর ভিডিও দোভাষী সেবা দ্বিতীয় সেরা পদ্ধতি, কারণ এতে অংশগ্রহণকারীদের অ-মৌখিক সংকেত দেখা যায়। অনসাইট দোভাষী পাওয়া না গেলে, বিশেষ করে স্বল্প সময়ের নোটিশে বুকিং বা সহজে পাওয়া যায় না এমন ভাষার ক্ষেত্রে ভিডিও দোভাষী সেবা উপযোগী। ভিডিও দোভাষী সেবা Auslan এবং কথ্য ভাষার জন্য উপযুক্ত, তবে এর জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট এবং সঠিক সরঞ্জাম প্রয়োজন।
টেলিফোন: ফোনের মাধ্যমে দোভাষী সেবা সবচেয়ে সহজলভ্য ধরনের দোভাষী সেবা। এটি সংক্ষিপ্ত এবং কম জটিল যোগাযোগের জন্য সবচেয়ে বেশি উপযোগী।
সঠিক দোভাষী নির্বাচন করুন
- দোভাষী NAATI-সার্টিফাইড কি না তা নিশ্চিত করুন। আপনি তাঁদের Certified Practitioner Number বা CPN ব্যবহার করে NAATI সার্টিফিকেশন যাচাই করতে পারেন।
- সুবিধাজনক মনে হলেও পরিবার বা বন্ধুদের দোভাষী হিসেবে ব্যবহার করবেন না। তাঁদের নিরপেক্ষতা, প্রশিক্ষণ বা ভাষাগত দক্ষতার অভাব থাকতে পারে। এতে গোপনীয়তা, নির্ভুলতা এবং পেশাদারিত্ব ঝুঁকির মুখে পড়তে পারে।
- দোভাষী অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয়তা পূরণ করেন কি না তা নিশ্চিত করুন। আপনার কি নির্দিষ্ট লিঙ্গের একজন দোভাষী প্রয়োজন? স্বাস্থ্য বা আইনি ক্ষেত্রের মতো কোনো নির্দিষ্ট বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা থাকা কি প্রয়োজন?
দোভাষীকে ব্রিফ (সংক্ষিপ্ত বিবরণ) করুন
সম্ভব হলে অ্যাসাইনমেন্টের আগে দোভাষীকে একটি ব্রিফিং দিন। ব্রিফিং হলো যেখানে আপনি মিটিংয়ের উদ্দেশ্য, কারা উপস্থিত থাকবেন এবং দোভাষীর জানা দরকার এমন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। এমনকি আগে থেকে দোভাষীর সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করা মানে কথোপকথনে বাধা কম হতে পারে এবং যোগাযোগ আরও সাবলীল হতে পারে।
একটি ব্রিফিংয়ে যা যা অন্তর্ভুক্ত থাকতে পারে:
- বিষয়, লক্ষ্য এবং অংশগ্রহণকারীদের সম্পর্কে পটভূমিগত তথ্য প্রদান করা।
- যে কোনো কারিগরি ভাষা, বিশেষায়িত পরিভাষা বা নির্দিষ্ট বিশেষ পরিভাষা সম্পর্কে আগে থেকে জানিয়ে দিন, যাতে দোভাষী তা সঠিকভাবে অনুবাদ করার জন্য প্রস্তুতি নিতে পারেন।
- মিটিংটি আবেগপূর্ণ, কারিগরি বা সংবেদনশীল হতে পারে কি না, তা দোভাষীকে জানানো।
অ্যাসাইনমেন্টটি জটিল হলে, সম্ভব হলে দোভাষীকে প্রস্তুতি নেওয়া এবং গবেষণা করার পর্যাপ্ত সময় দিন। এই প্রস্তুতি সঠিক দোভাষী সেবা নিশ্চিত করতে সহায়তা করে এবং সেশনের সময় দোভাষীর কাজের চাপ কমায়।
লজিস্টিক বা প্রয়োজনীয় ব্যবস্থাপনার পরিকল্পনা
সরাসরি দোভাষী সেবার ক্ষেত্রে আপনাকে, দোভাষীকে এবং ক্লায়েন্টকে একই স্থানে শারীরিকভাবে উপস্থিত থাকতে হয়। বসার ব্যবস্থা এমনভাবে করুন যাতে রোগী, দোভাষী এবং চিকিৎসক একটি ত্রিভুজের মতো অবস্থানে থাকেন। এতে পরিষ্কার যোগাযোগ সহজ হয় এবং সবাই আলোচনায় অন্তর্ভুক্ত থাকে।
Auslan দোভাষী সেবার ক্ষেত্রে: দোভাষীকে স্বাস্থ্যসেবা পেশাজীবীর পাশে এবং রোগীর বিপরীতে বসতে বা দাঁড়াতে হবে। এতে Deaf/শ্রবণশক্তিহীন রোগী বক্তার সঙ্গে চোখের যোগাযোগ বজায় রাখতে এবং শরীরী ভাষা পর্যবেক্ষণ করতে পারেন। দীর্ঘ সেশনের ক্ষেত্রে দুইজন দোভাষী পালাক্রমে কাজ করতে পারেন।
টেলিফোন এবং ভিডিও কনফারেন্সিং নমনীয়তা দেয়—দোভাষী বা ক্লায়েন্ট আপনার সঙ্গে উপস্থিত থাকতে পারেন, অথবা প্রত্যেকে আলাদা স্থানে থাকতে পারেন। সেশন শুরু হওয়ার আগে প্রযুক্তি সঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করুন।
দোভাষী সেবার জন্য মনে করে অতিরিক্ত সময় বরাদ্দ রাখুন। এক ভাষায় কথোপকথনের তুলনায় দোভাষীসহ কথোপকথনে বেশি সময় লাগবে।
সেশন চলাকালীন
কী করতে হবে
- দোভাষী এবং তাঁর ভূমিকা যেন পরিচয় করিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করুন। আপনি এভাবে একটি সহজ বক্তব্য দিয়ে শুরু করতে পারেন: “ইনি আমাদের দোভাষী, যিনি আজ আমাদের যোগাযোগে সহায়তা করবেন।” “আমরা যা বলব, সবকিছু সঠিকভাবে এবং গোপনীয়তার সঙ্গে দোভাষী করা হবে।” দোভাষী নিজেকে পরিচয় করিয়ে দিতে পারেন। অংশগ্রহণকারীদের মনে করিয়ে দিন যে স্বাভাবিক কথোপকথনের ধারা বজায় রাখতে দোভাষী প্রথম ব্যক্তি, যেমন (অর্থাৎ “আমি”, “আমরা”) কথা বলবেন।
- দোভাষীর সঙ্গে নয়, সরাসরি অন্য ব্যক্তির সঙ্গে কথা বলুন। যেমন, “আজ আপনি কেমন অনুভব করছেন?” বলুন, “তাকে জিজ্ঞেস করুন সে কেমন অনুভব করছে” বলবেন না। সাংস্কৃতিকভাবে অনুপযুক্ত না হলে অন্য ব্যক্তির সঙ্গে চোখের যোগাযোগ বজায় রাখুন।
- পরিষ্কার ও সহজ ভাষা ব্যবহার করুন। স্ল্যাং, জার্গন বা পরিভাষা, সংক্ষিপ্ত রূপ বা জটিল তুলনা এড়িয়ে চলুন। দোভাষীর জন্য সময় দিতে নিয়মিত বিরতি দিন।
- দোভাষী শেষ করার আগে কথা চালিয়ে যাবেন না। এটি নির্ভুলতা নিশ্চিত করে এবং অতিরিক্ত তথ্যের চাপ এড়াতে সহায়তা করে।
- ধৈর্য ধরুন। একই অর্থ প্রকাশ করতে কিছু ভাষায় বেশি বা কম শব্দের প্রয়োজন হতে পারে। দোভাষী করার সময় কিছুটা নীরবতা বা বিরতি থাকা স্বাভাবিক।
- প্রয়োজনে স্পষ্ট করুন। কিছু অস্পষ্ট মনে হলে, দোভাষীকে পুনরায় বলতে বা ব্যাখ্যা করতে বলুন। দোভাষীর কোনো বিষয় স্পষ্ট করার প্রয়োজন হলে তাঁকে তা জানাতে উৎসাহিত করুন। যদি দোভাষীর স্পষ্টীকরণের প্রয়োজন হয়, তাহলে তাঁকে বলতে বলুন যেন তিনি অন্য ব্যক্তিকে জানান তিনি কী জানতে চাইছেন।
যা এড়িয়ে চলতে হবে
- দোভাষী বা অন্য ব্যক্তি কথা বলার মাঝখানে বাধা দেবেন না। এতে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে।
- দোভাষীর কাছে মতামত বা পরামর্শ চাইবেন না। তাঁর ভূমিকা হলো অনুবাদ করা, মধ্যস্থতা করা, পক্ষ নেওয়া বা ব্যক্তিগত মতামত দেওয়া তাঁদের কাজ নয়।
- দোভাষীর সঙ্গে পাশের কোনো আলাদা আলোচনা করবেন না। দোভাষীর দায়িত্ব হলো আপনার বলা সবকিছু অনুবাদ করা। তাই এমন কোনো কথা বলা থেকে বিরত থাকুন, যা আপনি অন্য ভাষায় অনুবাদ করাতে চান না।
সেশনের পরে
- প্রয়োজন হলে সেশন শেষে দোভাষীর সঙ্গে আলোচনা করুন। কোনো সমস্যা দেখা দিলে বা মতামত/প্রতিক্রিয়া প্রয়োজন হলে দোভাষীর সঙ্গে কথা বলুন। উন্নতির জন্য পরামর্শ গ্রহণে উন্মুক্ত থাকুন। দোভাষীরা অনেক পেশাজীবীর সঙ্গে কাজ করেন এবং ভবিষ্যতের সেশনগুলোতে যোগাযোগ আরও উন্নত করতে সহায়ক পরামর্শ দিতে পারেন।
- গোপনীয়তা বজায় রাখুন। দোভাষীসহ সেশনকে সরাসরি যোগাযোগের মতো একইভাবে বিবেচনা করুন। শেয়ার করা সব তথ্য গোপনীয় থাকবে।
অতিরিক্ত সহায়ক তথ্য
দোভাষীদের সঙ্গে কাজ করার বিষয়ে আরও তথ্যের জন্য দেখুন: