অনুবাদক নাকি দোভাষী: আমার কোনটি প্রয়োজন?
আপনার যদি অন্য ভাষায় যোগাযোগ করতে সহায়তার প্রয়োজন হয়, তাহলে আপনাকে একজন অনুবাদক বা দোভাষীর সঙ্গে কাজ করতে হতে পারে।
যদিও অনুবাদক ও দোভাষী উভয়ই ভাষা নিয়ে কাজ করেন, তাঁদের ভূমিকা ও কাজের ধরন আলাদা।
আমার কোনটি প্রয়োজন, তা আমি কীভাবে ঠিক করব?
যদি বিষয়টি লিখিত হয়, তাহলে আপনার একজন অনুবাদক দরকার। যদি বিষয়টি কথ্য বা সাইন (অঙ্গভঙ্গিভিত্তিক) ভাষায় হয়, তাহলে আপনার একজন দোভাষী দরকার।
আপনি নথিপত্র শেয়ার করছেন নাকি কথোপকথন করছেন, তা বিবেচনা করুন।
একজন অনুবাদক কী করেন?
একজন অনুবাদক লিখিত বিষয়বস্তু নিয়ে কাজ করেন। তাঁর ভূমিকা হলো একটি ভাষায় লেখা তথ্যকে অন্য ভাষায় নির্ভুল, স্বাভাবিক এবং সাংস্কৃতিকভাবে উপযোগী করে উপস্থাপন করা।
অনুবাদকরা সাধারণত যে ধরনের কাজ করেন তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো:
- জন্ম সনদ, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য পরিচয়পত্র
- আইনি চুক্তি এবং আর্থিক বিবরণী
- চিকিৎসা প্রতিবেদন
- ওয়েবসাইট, প্রচারপত্র এবং মার্কেটিং উপকরণ
- ইমেল, চিঠি এবং লিখিত নির্দেশাবলী
- নির্দেশিকা পুস্তিকা
অনুবাদ কেবল এক ভাষা থেকে অন্য ভাষায় শব্দ পরিবর্তন করার প্রক্রিয়া নয়। একজন দক্ষ অনুবাদক নিশ্চিত করেন যে মূল অর্থ স্পষ্ট ও ধারাবাহিক থাকে, ব্যবহৃত পরিভাষা যথাযথ হয় এবং নথির উদ্দেশ্যের সঙ্গে ভাষার বৈশিষ্ট্য ও উপস্থাপন সামঞ্জস্যপূর্ণ থাকে। অস্ট্রেলিয়ায় সরকারি বিভাগসহ অনেক প্রতিষ্ঠান অনুবাদ কাজ NAATI-সার্টিফাইড অনুবাদক দ্বারা সম্পন্ন করার শর্ত দেয়। এটি অনুবাদের মান, নির্ভরযোগ্যতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে।
একজন দোভাষী কী করেন?
একজন দোভাষী কথ্য বা সাইন (অঙ্গভঙ্গিভিত্তিক) ভাষা নিয়ে কাজ করেন এবং ভিন্ন ভাষাভাষী মানুষদের তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে সহায়তা করেন।
আপনার দোভাষীর প্রয়োজন হতে পারে যখন:
- চিকিৎসা বা স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত থাকা
- সেন্টারলিঙ্ক, পুলিশ বা অন্যান্য সরকারি পরিষেবার সাথে কথা বলা
- ব্যবসায়িক সভায় অংশগ্রহণ
- আইনি কার্যক্রমে অংশগ্রহণ করা
- সম্মেলন, সেমিনার বা সামাজিক অনুষ্ঠানে যোগদান
দোভাষীরা একটি ভাষায় বলা বক্তব্য শুনে তার অর্থ অন্য ভাষায় নির্ভুল, স্বাভাবিক ও যথাযথভাবে পৌঁছে দেন। তাঁরা সরাসরি, টেলিফোনের মাধ্যমে অথবা ভিডিও কলে দোভাষী সেবা প্রদান করতে পারেন। অনেক পরিস্থিতিতে, বিশেষ করে স্বাস্থ্য ও আইনি ক্ষেত্রে, সঠিক দোভাষী সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মানুষ তাদের অধিকার, দায়িত্ব এবং পছন্দগুলো বুঝতে পারে।
যদি আমি লিখিত ও কথ্য ভাষার বিষয়ের মধ্যে কাজ করি, তাহলে কী হবে?
কিছু ক্ষেত্রে, দোভাষী বা অনুবাদক লিখিত এবং কথ্য/সাইন ভাষা উভয় ক্ষেত্রেই কাজ করতে পারেন। উদাহরণস্বরূপ:
- সাইট ট্রান্সলেশন: এতে একজন দোভাষী কোনো লিখিত নথি, যেমন হাসপাতালের সম্মতি ফর্ম, পড়ে তাৎক্ষণিকভাবে অন্য ভাষায় কথ্য বা সাইন ভাষার মাধ্যমে অর্থ প্রকাশ করেন
- ট্রান্সক্রিপশন: একজন অনুবাদক রেকর্ড করা বক্তব্য শুনে তা অন্য ভাষায় লিখিতভাবে উপস্থাপন করেন
এটি নির্ধারণের সহজ উপায় হলো, চূড়ান্ত ফলাফলটি কী চাইছেন? যদি ফলাফলটি লিখিত নথি হয়, তাহলে অনুবাদকের প্রয়োজন হবে। আর যদি সেটি বক্তৃতা, কথোপকথন বা ভিডিওভিত্তিক যোগাযোগ হয়, তাহলে দোভাষীর প্রয়োজন হবে।
আমি কোথায় যোগ্য পেশাজীবী খুঁজে পেতে পারি?
দোভাষী হোক বা অনুবাদক, NAATI-সার্টিফাইড কাউকে বেছে নেওয়াই সবচেয়ে ভালো। অনুবাদক ও দোভাষীদের জন্য NAATI-এর আলাদা আলাদা স্বীকৃতি রয়েছে, এবং সার্টিফিকেশন নিশ্চিত করতে সহায়তা করে যে আপনার প্রয়োজনীয় ব্যক্তি সংবেদনশীল ও পেশাদারভাবে তথ্য সঠিকভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণসম্পন্ন।
আপনি NAATI-এর অনলাইন ডিরেক্টরিতে একজন অনুবাদক বা দোভাষী খুঁজে পেতে পারেন।